রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আশা ভোঁসলে হাসপাতালে

আশা ভোঁসলে হাসপাতালে

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলেকে। 

শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। খবর ইন্ডিয়া টুডের।  


এ প্রতিবেদনে জানানো হয়েছে, ৯২ বছর বয়সি প্রবীণ গায়িকা এখনো জরুরি চিকিৎসা সেবা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এখন তার পরিবার বা হাসপাতালের পক্ষ থেকে পরবর্তী আপডেটের অপেক্ষা। 

শনিবার (১১ এপ্রিল) সকালে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) আশা ভোসলের নাতনি জানাই একটি পোস্ট দিয়েছেন। দাদির শারীরিক অবস্থা বর্ণনা করে তিনি লেখেন, “আমার দাদি আশা ভোসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা অনুরোধ করছি, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন। চিকিৎসা চলছে। আশা করছি, সবকিছু ভালো হবে। আমরা ইতিবাচক আপডেট জানাতে পারব।” 


১৯৪৩ সালে সংগীত ক্যারিয়ার শুরু করেন আশা ভোসলে। ৮ দশকের বেশি সময়ব্যাপী তার কর্মজীবন। শুধু হিন্দি নয়, অন্যান্য ২০টি ভারতীয় ভাষার পাশাপাশি বেশ কিছু বিদেশি ভাষাতেও গান রেকর্ড করেছেন। 


সংগীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। মনে করা হয়, তিনি ১২০০০ এরও অধিক গান গেয়েছেন। ভারত সরকার তাকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করেন।   


বড় বোন লতা মঙ্গেশকরের সেক্রেটারি গণপতরাও ভোসলেকে প্রথম বিয়ে করেন আশা ভোঁসলে। তখন তার বয়স ছিল ১৬ বছর আর গণপতের বয়স ছিল ৩১ বছর। ১৯৬০ সালে ভেঙে যায় এ সংসার। ১৯৮০ সালে গায়ক আরডি বর্মনকে বিয়ে করেন আশা। ১৯৯৪ সালে মারা যান আশা ভোঁসলের দ্বিতীয় স্বামী আরডি বর্মন।

সম্পাদক : আবদুল মাতিন