মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সৌদিতে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ হজযাত্রী, মৃত্যু ৯

সৌদিতে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ হজযাত্রী, মৃত্যু ৯

চলতি বছর হজ মৌসুমে এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে মোট ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গিয়েছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে ৪২ হাজার ৪৪৩ জন।


আজ মঙ্গলবার (৫ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।


এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।


তাদের মধ্যে ৭ জন মক্কায় ও ২ জন মদিনায় মারা যান। মারা যাওয়াদের মধ্যে একজন মহিলা রয়েছেন।


হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০ জন, সৌদি এয়ারলাইনসের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ১১০ জন ও ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪  জন যাত্রী সৌদি আরবে গেছেন।


চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন।


৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।


গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।


চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।


সম্পাদক : আবদুল মাতিন