বুধবার, ১৭ জুন, ২০২৬

ফ্রান্সে ই-পাসপোর্ট সেবা পেলেন ৪ শতাধিক বাংলাদেশি

ফ্রান্সে ই-পাসপোর্ট সেবা পেলেন ৪ শতাধিক বাংলাদেশি

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর তুলুজে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার সেবা দিয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সংগঠন তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গত ১৩ ও ১৪ জুন অনুষ্ঠিত এ আয়োজনে ই-পাসপোর্ট সেবা পেয়েছেন চার শতাধিক প্রবাসী বাংলাদেশি।


বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলের নেতৃত্বে দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ কার্যক্রম পরিচালনা করেন। তুলুজ ও আশপাশের অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের চাহিদার আলোকে এই বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়।


দুই দিনব্যাপী সেবা কার্যক্রমে ৪০০-এর বেশি প্রবাসী ই-পাসপোর্ট সেবা গ্রহণ করেন। এছাড়া ১০০-এর বেশি ব্যক্তি নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), জন্ম নিবন্ধন, পাওয়ার অব অ্যাটর্নি, ডকুমেন্ট অ্যাটেস্টেশন এবং ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড কার্ড-সংক্রান্ত সেবা গ্রহণ করেন।


ক্যাম্পে সেবা নিতে আসা প্রবাসীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর বলে অভিহিত করেন। তুলুজের বাসিন্দা আবু শহীদ শরিফ বলেন, ‘পাসপোর্টের কাজের জন্য আগে প্যারিস যেতে হতো। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হতো। এবার তুলুজেই সেবা পাওয়ায় আমরা অনেক উপকৃত হয়েছি।’


আরেক সেবাগ্রহীতা আমিনা হোসেন বলেন, ‘দূতাবাসের কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি তাদের সহযোগিতামূলক মনোভাব আমাদের মুগ্ধ করেছে।’


অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের কাছে সরকারি সেবা জটিলতামুক্ত ও সহজলভ্য করে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। যারা দূরবর্তী অঞ্চলে বসবাস করেন, তাদের কথা বিবেচনায় রেখেই আমরা নিয়মিতভাবে মোবাইল কনস্যুলার সেবার আয়োজন করছি। তুলুজে প্রবাসীদের ব্যাপক সাড়া আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’

সম্পাদক : আবদুল মাতিন