আজ ২৭ জুন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে শরীয়তপুরে জন্ম নেওয়া এই অভিনেতা ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন।
এবারের জন্মদিনটি অপূর্বর জন্য আরও বিশেষ। কারণ একই দিনে জন্মদিন তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও। প্রতি বছর বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন উদ্যাপন করেন তিনি। এ নিয়ে এর আগে অপূর্ব বলেছিলেন, বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় তিনি খুবই আনন্দিত।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। সহশিল্পী, নির্মাতা ও ভক্তরা বিভিন্ন ছবি ও শুভকামনার বার্তা প্রকাশ করছেন।
অপূর্বর শোবিজে যাত্রা শুরু হয় ২০০২ সালে ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে। পরে একটি বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। ২০০৬ সালে ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন অপূর্ব। ২০১৭ সালে ‘বড় ছেলে’ নাটকে তার অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। এরপর থেকে তিনি দেশের অন্যতম জনপ্রিয় নাট্য অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দেশের পাশাপাশি ওপার বাংলার কাজেও অভিনয় করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনে অপূর্বর তিনটি বিয়ে হয়েছে। প্রথমে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে, পরে নাজিয়া হাসান অদিতিকে এবং ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন। দ্বিতীয় সংসারে ছেলে জায়ান ফারুক আয়াশ এবং বর্তমান সংসারে রয়েছে কন্যা সন্তান আনায়া।
সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্বর নতুন ওয়েবচিত্র ‘হেডলাইন’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী। মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে কাজটি।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম























