আর্জেন্টাইন ফুটবলে দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার গল্পের পর্দা নামতে যাচ্ছে। আলবিসেলেস্তেদের জার্সিতে নিজের শেষ ম্যাচের ঠিক কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি।
সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে শেষ অনুশীলন সেশনের কিছু ছবি শেয়ার করে এই ফুটবল মহাতারকা লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, যা খুব মিস করব।’
মঙ্গলবার ভোরে বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তালে বেনিনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে এটিই হতে যাচ্ছে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
প্রিয় অধিনায়ক ও ১০ নম্বর জার্সির নায়কের শেষ ম্যাচটিকে ঘিরে বুয়েনস আইরেসে এখন আবেগঘন পরিবেশ।
আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পথচলা শেষ হতে চলেছে মেসির। ৩৯ বছর বয়সে এসে আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে জমকালো অধ্যায়টির ইতি টানতে যাচ্ছেন তিনি।
যাত্রায় অজস্র ট্রফি ও অনন্য সব অর্জনে সমৃদ্ধ হয়েছে আলবিসেলেস্তেদের ইতিহাস। মেসির বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতে বিশেষ কিছু শ্রদ্ধার্ঘ্য ও আয়োজনের পরিকল্পনা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বেনিনের বিপক্ষে এই ম্যাচটি তাই একটি ঐতিহাসিক বিদায়ী রাতে রূপ নিতে যাচ্ছে, যেখানে শেষবারের মতো দেশের মাঠে বন্দিত হবেন আধুনিক আর্জেন্টাইন ফুটবলের সবচেয়ে বড় নায়ক।
সূত্র: গোলডটকম।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম
























