সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ শতাংশের বেশি মানুষ 'উদ্বিগ্ন':জরিপ

নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ শতাংশের বেশি মানুষ 'উদ্বিগ্ন':জরিপ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ শতাংশের বেশি মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে বলে দাবি করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।


রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করে সিজিএস।


দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০৫ জন মানুষের মতামত জরিপ করেছে প্রতিষ্ঠানটি।


জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশের বেশি মানুষ ভোট নিয়ে উদ্বিগ্ন বলে দাবি করেছে সিজিএস।


এছাড়া ২৫ শতাংশের বেশি উত্তরদাতা নিজেকে 'অনিরাপদ' বা 'চরম অনিরাপদ' বলে মনে করেন বলে জরিপের ফলাফলে বলা হয়েছে।


উল্লেখ্য, অতীতে বিভিন্ন সময় বাংলাদেশে সংসদ নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটতে দেখা গেছে। সেই কারণে নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে প্রায়ই উদ্বেগ লক্ষ্য করা যায়।


অনুষ্ঠানে অংশ নিয়ে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন, তা হলো একটা ভালো নির্বাচন করা।


আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় বলে মনে করেন তিনি।


দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ আছে। নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্নমতের রাজনীতির মানুষ হোক- নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

সম্পাদক : আবদুল মাতিন