মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ অবসানে তেহরান একটি শান্তি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র।
সোমবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, যতক্ষণ পর্যন্ত কোনো 'চুক্তি' হচ্ছে না, আমরা অবরোধ প্রত্যাহার করছি না। এই অবরোধে ইরান একেবারে বিপর্যস্ত হয়ে পড়ছে। তাদের প্রতিদিন ৫০ কোটি ডলার করে ক্ষতি হচ্ছে, যা স্বল্প সময়ের জন্যও বহন করা অসম্ভব।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, ‘হুমকির মুখে’ কোনো আলোচনায় বসবে না ইরান। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গত দুই সপ্তাহ ধরে তারা যুদ্ধক্ষেত্রে নতুন বিকল্প শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে গালিবাফ বলেন, অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপান্তর করতে চাইছেন অথবা নতুন করে যুদ্ধ বাধানোর অজুহাত তৈরি করছেন।
তিনি আরও যোগ করেন, হুমকির মুখে আমরা কোনো আলোচনা মেনে নেব না। গত দুই সপ্তাহ ধরে আমরা রণক্ষেত্রে আমাদের নতুন ‘তুরুপের তাস’ বা রণকৌশলগুলো প্রদর্শনের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছি।
অন্যদিকে আলোচনায় না বসলে ইরানকে ‘নজিরবিহীন সমস্যার’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান শেষ পর্যন্ত আলোচনায় বসবে; তবে তা না করলে দেশটিকে ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
রেডিও অনুষ্ঠান ‘দ্য জন ফ্রেডরিকস শো’-তে এক ফোনালাপে ট্রাম্প বলেন, দেখুন, তারা আলোচনায় বসতে যাচ্ছে। আর যদি তারা তা না করে, তবে তারা এমন সব সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম


















