শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

ঢাকার ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান।


তিনি বলেন, ভোরবেলা ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যায়।


পুলিশ কর্মকর্তা তারিকুজ্জামান বলেন, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নারীরা পালানোর চেষ্টা করে। এসময় সাতজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ ও এর চালককে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।


সূত্র: বিডি নিউজ

সম্পাদক : আবদুল মাতিন