মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মোহাম্মদপুরে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, গ্রেপ্তার ২

মোহাম্মদপুরে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দু’টি আইফোন উদ্ধার করেছে পুলিশ। 


এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি দুদকের অনুসন্ধান ও তদন্ত শাখা-২ এর মহাপরিচালক হিসেবে কর্মরত।


পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর নাম শাহজাদা ও রুবেল ওরফে বক্সার।


রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া ফোন দু’টি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন।


তিনি জানান, দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেনের ছিনতাই হওয়া আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়েছে।


এর আগে, ‎শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজের পাশের ফুটপাতে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, শনিবার রাত ১১টায় মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) দিয়ে হাঁটছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে ধরে মারধর করে। তার কাছে থাকা আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দুইটি মোবাইল ফোন,নগদ ১৫ হাজার টাকা ও হাতের দামী একটি ঘড়ি নিয়ে যায়।

সম্পাদক : আবদুল মাতিন