রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ মানুষের হাড়-কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে এসব খুলি ও হাড়-কঙ্কাল উদ্ধার করা হয়।
সোমবার (৯ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানুষের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া খুলি ও হাড়-কঙ্কালের উৎস কী এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখানে অভিযানের বিস্তারিত তুলে ধরা হবে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম



















