প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়াপল্টন কার্যালয়ে পৌঁছান তিনি।
তার আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা।
এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছিলেন, শনিবার বিকেলে তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন।
প্রিয় নেতাকে বরণ করে নিতে তাই শনিবার সকাল থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের সমাগম শুরু হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন। সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















