জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম তাদের ইতিহাসে অন্যতম বড় এক ‘সাফাই অভিযান’ শুরু করেছে। ২০২৬ সালের এই বিশেষ পদক্ষেপে প্ল্যাটফর্মটি থেকে রাতারাতি লক্ষ লক্ষ ভুয়া বা বট অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।
মূলত প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখা এবং বাস্তব ব্যবহারকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বা এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যেই মেটা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের নামী তারকা এবং বড় বড় ব্র্যান্ডগুলোর ওপর, যাদের ফলোয়ার সংখ্যা হঠাৎ করেই অনেকটা কমে গেছে।
এই শুদ্ধি অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মার্কিন তারকা কাইলি জেনার। তার অ্যাকাউন্ট থেকে এক নিমিষেই প্রায় ১ কোটি ৪০ লাখ ফলোয়ার কমে গেছে। শুধু কাইলি নন, বিশ্বজুড়ে অনেক ইনফ্লুয়েন্সার ও সেলিব্রিটিদের জনপ্রিয়তার তালিকায় এই পতনের প্রভাব পড়েছে।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানায় যে অনেক ব্যবহারকারী কৃত্রিম উপায়ে বট ব্যবহার করে ফলোয়ার, লাইক বা কমেন্ট বাড়িয়ে নিতেন। এই ধরনের কৃত্রিম জনপ্রিয়তা বন্ধ করে প্ল্যাটফর্মটিকে সত্যিকারের ব্যবহারকারীদের জন্য আরও বিশ্বাসযোগ্য করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম























