মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে সোনালি চুলের অ্যালবিনো (জন্মগত জেনেটিক ত্রুটি) জাতের একটি মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কোরবানির ঈদের আগে নারায়ণগঞ্জের এই ব্যতিক্রমী মহিষটি এখন এক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মহিষটিকে একনজর দেখার জন্য খামারে ভিড় করছেন প্রতিদিন শত শত মানুষ।
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মিল থাকায় মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে রাখা প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষ ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে।
বার্তা সংস্থা এএফপি, রয়টার্স থেকে শুরু করে ভারতীয় এনডিটিভি, পাকিস্তানি ও থাই গণমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
জামায়াত আমিরের জালিয়াত উপদেষ্টা
এএফপির প্রতিবেদনে বলা হয়, সোনালি চুল ও হালকা গোলাপি বর্ণের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
আপিল বিভাগেও আবুল বারকাতের জামিন, জমা দিতে হবে পাসপোর্ট
খামারের মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই মজা করে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চুলের মিল দেখে নামটি রাখেন, যা পরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’ নয়, একই খামারে থাকা আরেকটি মহিষকে ‘বেনিয়ামিন নেতানিয়াহু’ নামেও ডাকা হচ্ছে, যা কোরবানির ঈদকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কৌতূহল তৈরি করেছে।
থাই ও পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি বাংলাদেশে এক ধরনের ‘সেলিব্রিটি প্রাণী’তে পরিণত হয়েছে। ঢাকার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই খামারে প্রতিদিনই শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন ছবি তুলতে ও কাছ থেকে দেখতে।
খামার কর্তৃপক্ষ জানায়, বিশেষ যত্নে রাখা এই মহিষটিকে দিনে চারবার গোসল করানো হয় এবং সোনালি লোম পরিচ্ছন্ন রাখতে আলাদা পরিচর্যা করা হয়। খামারের কর্মীরা এটিকে শান্ত ও নমনীয় প্রকৃতির প্রাণী হিসেবে বর্ণনা করেছেন।
সরেজমিনে দেখা গেছে, রাবেয়া অ্যাগ্রো ফার্মে কোরবানির পশুর ভিড়ের মধ্যেই এই ব্যতিক্রমী মহিষটি দর্শনার্থীদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবির কারণে এর জনপ্রিয়তা আরও বেড়েছে।
জানা গেছে, মহিষটির নামকরণ কেবল কৌতুক নয়; বরং এর চুল ও রঙের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহ্যিক মিলই এর নামকরণের নেপথ্যের কারণ।
প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মহিষ অ্যালবিনো বা বিরল জেনেটিক বৈশিষ্ট্যের কারণে সাদা-গোলাপি বর্ণের হয়ে থাকে।
তবে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ে মহিষটির শারীরিক অবস্থায় প্রভাব পড়ায় এখন খামারে প্রবেশে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এরপরও দূরদূরান্ত থেকে মানুষ আসছেন এই ‘বাংলার ডোনাল্ড ট্রাম্প’-কে একনজর দেখার জন্য।
কোরবানির ঈদকে সামনে রেখে এই ঘটনা যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশে প্রাণী সংস্কৃতি, নামকরণ ও জনপ্রিয়তার নতুন এক ব্যতিক্রমী চিত্র তুলে ধরেছে।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম
























