সোমবার, ১ জুন, ২০২৬

সমালোচনার মুখে ঈদের একাধিক সিনেমা

সমালোচনার মুখে ঈদের একাধিক সিনেমা

ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আটটি নতুন সিনেমা নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোথাও প্রশংসা, কোথাও তীব্র সমালোচনা; সব মিলিয়ে এবারের ঈদের সিনেমা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো, ‘রকস্টার’, ‘মালিক’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে শতাধিক হলে প্রদর্শিত হচ্ছে এসব ছবি।


শাকিব খানের ‘রকস্টার’ ঘিরে সবচেয়ে বেশি আলোচনা

সবচেয়ে বেশি হল পাওয়া শাকিব খান অভিনীত ‘রকস্টার’ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। সিনেমাটিতে শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও গল্প ও চিত্রনাট্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক দর্শক। কেউ কেউ এটিকে টেলিফিল্মের সঙ্গে তুলনাও করেছেন। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েকসহ অনেকে। মিউজিক্যাল ফিল্ম হিসেবে উপস্থাপন করা হলেও গানগুলো তেমন সাড়া ফেলতে পারেনি বলে দর্শকের অভিযোগ।


‘মালিক’ নিয়ে অ্যাকশন প্রশংসা, গল্পে সমালোচনা

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ নিয়েও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। দীর্ঘদিন পর শুভকে অ্যাকশন লুকে দেখে দর্শক উচ্ছ্বাস প্রকাশ করলেও দুর্বল গল্প ও চিত্রনাট্য নিয়ে সমালোচনা চলছে।


‘রইদ’ ও ‘বনলতা সেন’- ভিজ্যুয়াল প্রশংসিত, গল্প জটিল

মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ এবং মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমা দুটি মূলত সিনেপ্লেক্সকেন্দ্রিক প্রদর্শিত হচ্ছে। দুই সিনেমার ভিজ্যুয়াল ও অভিনয় প্রশংসা পেলেও সাধারণ দর্শকের কাছে গল্প জটিল ও দুর্বোধ্য মনে হয়েছে।


‘মাসুদ রানা’ নিয়ে ট্রল ও সমালোচনা

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার অবলম্বনে নির্মিত ‘মাসুদ রানা’ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গল্পের অসামঞ্জস্যতা ও এআই ব্যবহারের দুর্বলতা নিয়ে সমালোচনায় পড়েছে সিনেমাটি। একইসঙ্গে কিছু দর্শক ছবিটিকে নতুন ধরনের প্রয়াস হিসেবেও দেখছেন।



অন্য সিনেমাগুলোর অবস্থাও হতাশাজনক

‘অফিসার’, ‘তছনছ’ ও ‘পিনিক’ সিনেমাগুলো নিয়েও দর্শকের প্রতিক্রিয়া সন্তোষজনক নয়। বিশেষ করে ‘পিনিক’ সিনেমার প্রচারে প্রধান অভিনয়শিল্পীদের অনুপস্থিতি নিয়ে প্রযোজকের অসন্তোষ দেখা গেছে।


প্রচার ও উপস্থিতি নিয়ে বিতর্ক

ঈদের সিনেমাগুলোর প্রচারে অভিনয়শিল্পীদের অনুপস্থিতিও আলোচনায় এসেছে। কিছু সিনেমার ক্ষেত্রে নায়িকা ও প্রধান শিল্পীরা প্রচারে অংশ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রযোজকরা।


সব মিলিয়ে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ব্যবসায়িকভাবে কতটা সফল হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে দর্শকের মিশ্র প্রতিক্রিয়াই এখন আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে।

সম্পাদক : আবদুল মাতিন