সোমবার, ১ জুন, ২০২৬

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী, ভিডিও ভাইরাল

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী, ভিডিও ভাইরাল

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। এ সময় তাদের সঙ্গে থাকা লাগেজসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে।


পুলিশ জানায়, ঘটনাটি শনিবার (৩০ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায়। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তাদের (দুই নারী) ভয় দেখিয়ে লাগেজসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের পাশে রিকশাচালক দাঁড়িয়ে। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন। তার পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি, মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেকজনকে দেখা যায়। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেন তারা।


এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব বলেন, ভুক্তভোগীদের তথ্য অনুসারে, তারা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান। বাসার সামনে রিকশা থেকে নামার পরই তারা ছিনতাইয়ের শিকার হন। এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সম্পাদক : আবদুল মাতিন