বুধবার, ১ জুলাই, ২০২৬

দীর্ঘদিন সংরক্ষণে রাখুন পাকা কাঁঠাল

দীর্ঘদিন সংরক্ষণে রাখুন পাকা কাঁঠাল

রসালো কাঁঠাল এখন বাজারে পাওয়া যাচ্ছে। মৌসুম ছাড়াও ফলটি খেতে চাইলে নির্দিষ্ট উপায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যেতে পারে। বছরজুড়ে কাঁঠালের স্বাদ পেতে চাইলে ফ্রিজিং করার এখনই সময়। সংরক্ষণের জন্য একেবারে নরম কাঁঠাল নেবেন না, একটু শক্ত ধরনের কাঁঠাল বাছাই করুন। আবার রোদে শুকিয়েও সংরক্ষণ করা যায় কাঁঠাল। জেনে নিন স্বাদ ও গুণগত মান অক্ষত রেখে দীর্ঘ সময়ের জন্য কীভাবে সংরক্ষণ করবেন পাকা কাঁঠাল।


- প্রথমের কাঁঠালের বিচি আলাদা করে ফেলুন। বিচিসহ রাখলে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে কাঁঠাল। 


- চাইলে কাঁঠালের বিচি আলাদাভাবে সংরক্ষণ করতে পারেন।


- একটি বাটিতে পেপার টাওয়েল বিছিয়ে একটি একটি করে কাঁঠালের কোয়া রাখুন। বাটি পূর্ণ হয়ে গেলে আরেকটি পেপার টাওয়েল দিয়ে ঢেকে বাটির ঢাকনা লাগিয়ে দিন। 


- নরমাল ফ্রিজে রেখে দিন বাটি। বাটি থেকে বের করার সময় চামচ দিয়ে বের করবেন কাঁঠাল। বেশ কয়েকদিন টাটকা থাকবে।


- লম্বা সময়ের জন্য কাঁঠাল সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রাখতে হবে। এজন্য পাতলা পলিথিনের উপর বিচি ছাড়ানো কাঁঠাল রাখুন। লাইন ধরে রাখবেন কাঁঠাল। একটির উপর আরেকটি রাখবেন না। 


- পলিথিনের মুখ বন্ধ করে দিন টেপ অথবা পিন দিয়ে। ব্যাগ রেখে দিন ডিপ ফ্রিজে। ইচ্ছেমতো বের করে খান পাকা কাঁঠাল।


- পাতলা টুকরো করে কেটে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন কাঁঠাল। আর্দ্রতা হারানোর ফলে নষ্ট হওয়ার ঝুঁকি কমে যাবে।


- শুকনো কাঁঠাল কয়েক মাস ধরে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যায়।


- কাঁঠাল বেশিদিন রেখে খাওয়ার আরেকটি উপায় হলো এর টুকরো সাইট্রিক অ্যাসিডে ডুবিয়ে রাখা। লেবুর রস বা অ্যাসকরবিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। তবে কাঁঠালের রং এবং টেক্সচার বদলে যেতে পারে এই উপায়ে সংরক্ষণ করলে। 


- কাঁঠালের টুকরোগুলোকে চিনির সিরাপে ডুবিয়ে একটি বায়ুরোধী পাত্রে ফ্রিজে রাখুন। বেশ কয়েকদিন ভালো থাকবে ফলটি।

সম্পাদক : আবদুল মাতিন