বুধবার, ৫ আগস্ট, ২০২৬

এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে ওই পোস্টের ঘটনায় তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।


জানা গেছে, গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার নিরাপত্তাসংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। সেটির পরিপ্রেক্ষিতে বুধবার (৫ আগস্ট) সকালে ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে গত ২৯ জুলাই বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া গাজী সালাউদ্দীনের আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেখতে পান জেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। পোস্টটি ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে গাজী সালাউদ্দীন পোস্টটি মুছে ফেলেন। এরপর তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তাসংক্রান্ত মামলা দায়ের করেন মাফতুন আহমেদ খান রুবেল।


তিনি বলেন, তার (গাজী সালাউদ্দীন) ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবমাননা করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাদের অবগতির পর সিদ্ধান্ত নিয়ে রোববার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।


ওসি ইব্রাহীম আলী জানান, মামলাটি এজাহার হিসেবে নেওয়ার পর প্রাথমিক তদন্ত ও তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বুধবার ভোরে ঢাকার পূর্ব মনিপুর থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় নিয়ে এসে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।


সম্পাদক : আবদুল মাতিন