সংবাদ প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “গঠনমূলক সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ থেকে ২৩ আগস্ট মানিকগঞ্জে ভয়েস এবং ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে গঠনমূলক সাংবাদিকতার মূলনীতিগুলো ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অংশগ্রহণকারীরা তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, সমাধানমুখী প্রতিবেদন প্রস্তুত করা এবং সামাজিক চ্যালেঞ্জের কার্যকর সমাধান তুলে ধরার উপর আলোকপাত দিয়েছেন।
আইএমএস-এর প্রশিক্ষকরা গঠনমূলক সাংবাদিকতার মূলনীতি এবং পরিধি ব্যাখ্যা করেছেন।
ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বাস্তব জীবনের চিত্র তুলে ধরার সাথে সাথে সমাধান এবং ইতিবাচক পরিবর্তনগুলি প্রকাশ করা উচিৎ। সঠিক মাধ্যম নির্বাচন করে সাংবাদিকরা তাদের প্রতিবেদনকে আরও প্রাসঙ্গিক ও প্রভাবশালী করে তুলতে পারবেন।”
আইএমএস-এর প্রোগ্রাম ম্যানেজার, শাখাওয়াত হোসাইন বলেন, “গঠনমূলক সাংবাদিকতার ধারণা নতুন নয়, কিন্তু বাংলাদেশে এখনও এর ব্যাপক চর্চা শুরু হয়নি। আমরা বিশ্বাস করি এই প্রশিক্ষণ সংবাদমাধ্যমগুলোকে এই পদ্ধতি আরও ভালোভাবে বুঝতে এবং গ্রহণ করতে সাহায্য করবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন রিপোর্টিং পদ্ধতি ও কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেছেন। তারা গঠনমূলক সাংবাদিকতার তিনটি মূল স্তম্ভ প্রয়োগে দক্ষতা লাভ করেছেন এবং এই কৌশলগুলি তাদের নিজ নিজ সংবাদপ্রতিষ্ঠানে প্রয়োগ করতে প্রস্তুত হয়েছেন। অংশগ্রহণকারীরা সাংবাদিকতার সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা বিষয়ে সচেতনতা লাভ করেছেন।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম
























