শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডে কিউআরএসের উদ্বেগ

সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডে কিউআরএসের উদ্বেগ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। তিনি বেসরকারি ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (আইপিটিভি) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি। 

গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে তাঁকে গুলি করে হত্যা করা হয়। তাঁর এই হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তার ওপর এক গুরুতর আঘাত এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। অপরাধ, দুর্নীতি, অনিয়ম কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হত্যা কোনোভাবেই কাম্য নয়।


গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুর্গাপুরের তেলনজিয়া এলাকায় গুলি করে হত্যা করা হয় সাংবাদিক আলিফ ফকিরকে। সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ডিটেকটিভ আর্টিকেল নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে তিনি নিয়মিত অপরাধ ও দুর্নীতিসংক্রান্ত বিষয় নিয়ে লেখালেখি করতেন। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসেও তিনি হামলার শিকার হয়েছিলেন এবং তাঁর অনুসন্ধানী সাংবাদিকতার কারণে নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন। তাঁর নিরাপত্তা ঝুঁকির বিষয়টি পুলিশও নিশ্চিত করেছে। এ পরিস্থিতিতে তাঁর অনিরাপত্তার বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হয়েছিল কি না এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা প্রয়োজন।

আলিফ ফকিরের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা, জনগণের স্বাধীন মতপ্রকাশের অধিকার এবং অপরাধ ও দুর্নীতির তথ্য জানার সুযোগের ওপর প্রত্যক্ষ আঘাত। সাংবাদিকরা যখন তাদের পেশাগত প্রতিবেদনের জন্য সহিংসতার সম্মুখীন হন, তখন এর সুদূরপ্রসারী প্রভাব কেবল নিউজরুমের মধ্যেই সীমাবদ্ধ থাকে না: তথ্যদাতারা কথা বলতে অনীহা প্রকাশ করতে পারেন, সাংবাদিকরা অনুসন্ধানী প্রতিবেদন করতে ভয় পেতে পারেন এবং জনগণ সঠিক তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। এ ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়মুক্তির সংস্কৃতি আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

কিউআরএস, আলিফ ফকিরের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা নেত্রকোনা ও সারাদেশের সাংবাদিক সমাজের প্রতি সংহতি প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি কিউআরএস বিনীত আহ্বান জানাচ্ছে:

- লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। সব সম্ভাব্য কারণ খতিয়ে দেখে মূল পরিকল্পনাকারী, সহযোগী ও প্রত্যক্ষ ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

- আলিফ ফকিরের ওপর পূর্ববর্তী হামলার অভিযোগগুলো তদন্ত করতে হবে। এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়েছিল কি না এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, তা যাচাই করতে হবে। পাশাপাশি, তার নিরাপত্তাঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো ব্যর্থতা ছিল কি না তা যাচাই করতে হবে।

- তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সাক্ষী, পরিবারের সদস্য, সহকর্মী এবং অন্যান্য ব্যক্তিদের হুমকি, হয়রানি বা সহিংস কর্মকাণ্ড থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে তারা নিরাপদে তথ্য প্রদান করতে এবং ন্যায়বিচার প্রাপ্তির জন্য কাজ করতে পারেন।

 - হুমকির সম্মুখীন সাংবাদিকদের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে। এর মধ্যে নিরাপদে অভিযোগ জানানোর ব্যবস্থা, সময়মতো ঝুঁকি মূল্যায়ন, পুলিশের কার্যকর পদক্ষেপ এবং অপরাধ, দুর্নীতি ও অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কাজ করা সাংবাদিকদের জন্য সমন্বিত সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

- সাংবাদিকদের ওপর সহিংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে হামলা ও হুমকির ঘটনাগুলো দ্রুত তদন্ত করতে হবে, প্রমাণের ভিত্তিতে যথাযথ আইনি পদক্ষেপ ও বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে হবে এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে যাচাইকৃত তথ্য প্রকাশ করতে হবে, যাতে কোনো ঘটনা অবহেলিত না থাকে বা বিচারপ্রক্রিয়া থেকে বাদ না পড়ে।

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের আইনি ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব উল্লেখ করে কিউআরএস (QRS) জোর দাবি জানিয়েছে যে, আলিফ ফকিরের হত্যাকাণ্ড যেন কোনোভাবেই বিচারহীনতায় পর্যবসিত না হয়। সংস্থাটির মতে, তার হত্যার বিচার নিশ্চিত করার অর্থ কেবল ঘাতকদের চিহ্নিত করা নয়; বরং বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে সাংবাদিকদের ওপর ভবিষ্যতের যেকোনো হুমকির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। তাই সহিংসতা ও প্রাণনাশের ভয় ছাড়া যেন সাংবাদিকরা জনস্বার্থে সংবাদ প্রকাশ করতে পারেন, সে লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম সংগঠন ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছে কিউআরএস।

সম্পাদক : আবদুল মাতিন