আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ও ধাপ নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে এই সভা শুরু হয়। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, কমিশন আজকের সভায় ইউপি নির্বাচনের স্লট বা ধাপগুলোর দিনক্ষণ চূড়ান্ত করবে। তবে ইসি সরাসরি তফসিল ঘোষণা করবে না; কমিশনের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তালা ভেঙে নিজ দপ্তরে চুয়েটের নতুন ভিসি
প্রাথমিকভাবে নভেম্বর থেকে মে মাসের মধ্যে ৭ ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা থাকলেও স্কুল পর্যায়ের বার্ষিক পরীক্ষার কারণে তা পরিবর্তন করা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৫ ধাপে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির ভোটগ্রহণ সম্পন্ন হবে। ডিসেম্বরে প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হতে পারে, যেখানে ৮০টি উপজেলার সংশ্লিষ্ট ইউপিগুলোতে ভোট হবে।
আরেক নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আসন্ন পবিত্র রমজান মাসের আগেই ইউপি নির্বাচনের প্রথম তিনটি ধাপ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে ইসি। বাকি ধাপগুলো রমজানের পর অনুষ্ঠিত হবে।
সোমবারের এই কমিশন সভায় ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণের পাশাপাশি স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন নিয়েও আলোচনা হচ্ছে। এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ, স্মার্ট কার্ড প্রিন্ট ও মেশিন রক্ষণাবেক্ষণ এবং 'জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫'-এর খসড়া অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আজকের সভার আলোচ্যসূচিতে রয়েছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















