গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২৫ জন।
গ্রিক সংবাদমাধ্যম ‘টু ভিমা’র প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে মোট ৭৭ জন যাত্রী ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর ৫১ জনকে জীবিত উদ্ধার করেছে গ্রিসের কোস্টগার্ড।
নিখোঁজদের উদ্ধারে গ্রিসের কোস্টগার্ড ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্স যৌথভাবে অভিযান চালাচ্ছে। চারটি নৌযান, একটি উড়োজাহাজ ও একটি হেলিকপ্টার ব্যবহার করে চলছে এ অনুসন্ধান।
উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছেন, তা এখনো জানায়নি গ্রিক কর্তৃপক্ষ। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের ক্রিট দ্বীপে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গ্রিক সংবাদমাধ্যম ইআরটি জানিয়েছে, সোমবার থেকে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এদিকে, অভিবাসনপ্রত্যাশীদের জন্য গ্রিসের আইন বেশ কঠোর। দেশটির ভূখণ্ডে নথিবিহীন অবস্থায় প্রবেশ করলে বিদেশিদের দীর্ঘমেয়াদি প্রশাসনিক আটক, শাস্তি এবং দ্রুত বহিষ্কারের প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।
সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম























