পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকশ চালক সড়কে অবস্থান নেন।
অবরোধের কারণে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেককে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
অবরোধ চলাকালে রিকশাচালকরা ‘পুলিশি হয়রানি বন্ধ করো’ এবং ‘যেখানে রাস্তা, সেখানে অটোরিকশা চলবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধে অংশ না নিয়ে রাজধানীর অন্যান্য সড়কে রিকশা চালিয়ে যাওয়ায় কয়েকজন চালকের অটোরিকশার ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারীরা।
এক রিকশাচালক সাংবাদিকদের বলেন, রাস্তায় চলার সময় পুলিশ তাদের আটক করে ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা টাকা আদায় করে। এ ধরনের ‘পুলিশি হয়রানি’ বন্ধের দাবি জানান তিনি।
প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এর আগে তারা একটি প্রতিবাদ মিছিল করেন।
অবরোধ শেষ হওয়ায় বর্তমানে পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম



















