পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে যারা বাধা দিয়েছিল, তাদেরকে সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রখ্যাত নায়ক, পরিচালক ও প্রযোজক সোহেল রানা।
সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।
সেখানে সোহেল রানা লিখেন, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তাকে কবর দেয়ায় বাধা সৃষ্টি করল স্বাধীনতা বিরোধী শক্তি। হারিকেন জ্বালিয়ে তার আলোতে আলোকিত করে তার কন্যা সন্তান নিজ হাতে মাটি খুঁড়ে বাবার কবর তৈরি করল। আগের কবরটি স্বাধীনতার পরাজিত শত্রুরা মাটি দিয়ে ভরাট করে দিয়েছে।
এরপর এই অভিনেতা লিখেন, স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি নাকি বর্তমানে সরকার পরিচালনা করছে। কোন আলামত তো দেখা গেল না, যারা বাধা দিয়েছিল তাদেরকে সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল। সরকারের কাছে এর সঠিক জবাব চাই।
আরও পড়ুন
‘একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল জামায়াত, আজ তারাই ঠিক করছেন কে মুক্তিযোদ্ধা, কার কবর কোথায় হবে’
সোহেল রানা লিখেন, মুক্তিযোদ্ধারা তো জীবনের শেষ প্রান্তে। কিন্তু আমরা বোধহয় মুক্তিযুদ্ধের অগ্নি স্ফুলিঙ্গ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যেতে ব্যর্থ হয়েছি। নইলে প্রতিবাদ বা প্রতিরোধ কোনটাই তো দৃষ্টিগোচর হচ্ছে না। না ফেরার দেশে চলে যাবার আগে এমনি ধরনের সংবাদ আমার মত অন্যান্য মুক্তিযোদ্ধাদের রক্তক্ষরণ করে।
সবশেষে তিনি লিখেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তি সবাই জেগে ওঠো। এবার আর ক্ষমা নয়।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম


















