বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনে আগুন, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনে আগুন, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শান্টিংয়ের সময় তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ‘ট’ বগির ১১টি আসন পুড়ে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাশের ‘জ’ বগির আসনগুলোতে ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছেটানো অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।



মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে।



রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করছিল। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।



এতে ‘ট’ বগির সাতটি টু-সিটার ও চারটি ফোর-সিটার আসন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ‘জ’ বগির আসনগুলোতে পেট্রোল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ স্প্রে করা অবস্থায় পাওয়া যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।



এদিকে খবর পেয়ে ওয়াশিং ফিট এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮) নামে দুজনকে আটক করা হয়। তাদের বাড়ি কুমিল্লা। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করেন। অগ্নিকাণ্ডের কারণে তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।



আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

সম্পাদক : আবদুল মাতিন