বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে ও বাড্ডা লিংক রোডে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে। পল্লবীতে বাসে আগুনের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে অন্য দুটি ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।


মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবী সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়।


বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। তিনি বলেন, দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।


এরপর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।


সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।


বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে বলে খবর পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।



ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান জানান, বাড্ডা লিংক রোডে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন