শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার অদূরে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। আজ রোববার (২৯ নভেম্বর) ভোরে জাজিরার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এই সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ। নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ সফল করতে আজ ভোর সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, এই কর্মসূচি প্রতিহত করতে গতকাল শনিবার রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ এবং ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, টানা প্রায় ১০ মিনিট ধরে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ চলে এবং পুরো এলাকায় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়। সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী নিহত হন বলে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে।
সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবু ও অন্তত ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয়ও অগ্নিসংযোগ করা হলে আসবাবসহ ভেতরের সব সামগ্রী পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সেখানে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন; পরে তিনি নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।
সংঘর্ষ ও অবরোধের কারণে আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ঘটনার সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, “লকডাউনকে কেন্দ্র করে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যাতে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছিল। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম-নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। আমরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করতে পেরেছি। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
জাজিরা থানা-পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি | বাংলাবাজার পত্রিকা.কম



















