কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও এর কাছের একটি আবাসনে এ ঘটনা সংঘটিত হয়। হামলার পর ঘটনাস্থল থেকে ৬ জনকে নিহত এবং আরও প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ড চালিয়ে হামলাকারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধারের পর হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও চার জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত ২ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
পুলিশের বরাতে কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানায়, টাম্বলার রিজ এলাকার ওই হাইস্কুলের ভেতর ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। একটি বাড়িতে আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আরসিএমপি বলেছে, ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলায় একজন বন্দুকধারীই জড়িত ছিলেন।
পুলিশের ধারণা, বন্দুকধারী খুব সম্ভবত আত্মহত্যা করেছেন। সন্দেহভাজন এ ব্যক্তিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী খুব সম্ভবত একজন নারী।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘গুরুতর আহত দুজনকে উড়োজাহাজে করে হাসপাতালে নেয়া হয়েছে। আঘাত প্রাণঘাতী নয় এমন আরও প্রায় ২৫ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলের বাকি শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
কানাডা প্রতিনিধি | বাংলাবাজার পত্রিকা.কম


















