সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের গ্রেপ্তার ও আটক হওয়ার ঘটনায় কুইক রেসপন্স সাপোর্ট (কিউআরএস) টিম গভীর উদ্বেগ প্রকাশ করছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৯ জুন রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
পরবর্তীতে ২২ জুন ২০২৬ তারিখে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন প্রদান করেন। মামলাটি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ নিয়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের সূত্রে দায়ের করা হয়েছে। রেজানুর ইসলামের পাশাপাশি পত্রিকাটির আরও কয়েকজন সাংবাদিক ও কর্মীকেও মামলায় আসামি করা হয়েছে।
কিউআরএস মনে করে, মানহানি, ভুল তথ্য প্রচার, চাঁদাবাজি বা পেশাগত অসদাচরণের অভিযোগ থাকলে তা অবশ্যই ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও নিষ্পত্তি করা উচিত। একই সঙ্গে আমরা উদ্বিগ্ন যে, প্রকাশিত প্রতিবেদনের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি আইনের প্রয়োগ গণমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জনস্বার্থে সাংবাদিকতাকে নিরুৎসাহিত করতে পারে। বিশেষ ক্ষেত্রে আইনী প্রক্রিয়ায় কেউ দোষী সাব্যস্ত হলে গ্রেপ্তার হতে পারে।
এই ঘটনা সাংবাদিকদের পেশাগত কাজের কারণে গ্রেপ্তার, আটক এবং দীর্ঘমেয়াদি আইনি অনিশ্চয়তার ঝুঁকি তৈরি করে। এ ধরনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতাকে দুর্বল করতে পারে, অনুসন্ধানী সাংবাদিকতাকে সীমিত করতে পারে এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করার ভূমিকা বাধাগ্রস্ত করতে পারে।
কিউআরএস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়, যেন আইনি কার্যক্রমের প্রতিটি ধাপে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অধিকার পূর্ণভাবে সম্মান করা হয় এবং যথাযথ আইনি প্রক্রিয়ার নিশ্চয়তা প্রদান করা হয়। আমরা আরও অনুরোধ করছি যে, প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত যেকোনো অভিযোগ এমনভাবে নিষ্পত্তি করা হোক, যা মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে সাংবিধানিক অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের তথ্য জানার অধিকার রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।কিউআরএস এই মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং বাংলাদেশে সাংবাদিকতার জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস) হলো সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, আদিবাসী অধিকারকর্মী এবং শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, যা অধিকারভিত্তিক সংগঠন VOICE-এর সহায়তায় গঠিত হয়েছে। প্ল্যাটফর্মটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগটি সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ, নথিভুক্তকরণ এবং প্রতিক্রিয়া প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে নির্ধারিত কাঠামোর আলোকে কিউআরএস নিয়মিতভাবে মাসিক অথবা ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করবে।
কিউআরএস টিমের সদস্যরা হলেনঃ
- সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক;
আজিজুল পারভেজ, সাংবাদিক;
আফরোজা সোমা, মিডিয়া এন্ড জেন্ডার গবেষক;
মায়নুল হাসান সোহেল, সাংবাদিক;
দীপ্তি চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব;
মনজুর রশীদ, নাগরিক সমাজের প্রতিনিধি;
ডালিয়া চাকমা, আদিবাসী অধিকারকর্মী;
শারাবান তহুরা, নাগরিক সমাজের প্রতিনিধি; এবং
ইসমাইল হোসেন, সাংবাদিক;
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম























