বুধবার, ২৪ জুন, ২০২৬

‘দিদি নম্বর ১’ ছাড়তে হচ্ছে রচনাকে, নতুন দিদি স্বস্তিকাকে চ্যালেঞ্জ

‘দিদি নম্বর ১’ ছাড়তে হচ্ছে রচনাকে, নতুন দিদি স্বস্তিকাকে চ্যালেঞ্জ

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের পর থেকে স্বস্তিতে নেই তৃণমূলপন্থী তারকারা। কেউ মামলা খাচ্ছেন, কেউ কোণঠাসা হয়েছেন। সেই ঢেউ লাগল রচনা বন্দ্যোপাধ্যায়ের গায়। সরতে হচ্ছে নিজের হাতে দাঁড় করানো রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’ থেকে। নতুন দিদি স্বস্তিকা মুখার্জী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বড়পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পর ছোট পর্দায় ‘দিদি নম্বর ১’ দিয়ে শক্ত অবস্থান গড়েন রচনা। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে সবার কাছে পরিচিতি পান দিদি হিসেবে। 



সরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমার কাজের চাপ আছে। এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। কারণ, ওরা এই অনুষ্ঠানকে নতুনভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপরে তো আমি কিছু বলতে পারি না। আমরা সমৃদ্ধ হয়েছি এতগুলো বছরে।”


নতুন দিদি স্বস্তিকাকেও ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ। বলেন, “এটা ওদের জন্য বড় চ্যালেঞ্জ। ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা বন্দ্যোপাধ্যায়েরও পরিবর্ত কেউ হতে পারে। সেটা করে দেখাক ওরা। আমি সেই দিনটা দেখার অপেক্ষায় আছি। সঞ্চালিকা পরিবর্তনের সিদ্ধান্ত ওরা নিয়েছিল। আমি আমার সবটুকু দিয়ে এই অনুষ্ঠান করেছি।”


সহকর্মী হিসেবে শুভকামনাও জানিয়েছেন স্বস্তিকাকে। তার কথায়, “স্বস্তিকা আমার খুব ভালো সহকর্মী। বহুদিনের সম্পর্ক আমাদের। নিশ্চয়ই খুব ভালো কাজ করবে। অনেক শুভেচ্ছা। আশা করছি, মানুষও ওকে খুব ভালোভাবে গ্রহণ করবে। আমি চাই, এই অনুষ্ঠান একই ভাবে জনপ্রিয়তা পাক, সফল হোক।”

সম্পাদক : আবদুল মাতিন