দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন সোনার দাম, ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।
এর আগে, গত ১৩ জুন সোনার দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ২৩৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৩৬৫ টাকায় দাঁড়িয়েছে।
রুপার নতুন দাম, ২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বৃদ্ধি এবং ৩৬ বার দাম হ্রাস করা হয়েছে।
অন্যদিকে, রুপার দাম এ বছর ৪৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তন এবং স্থানীয় পর্যায়ে পিওর গোল্ডের দামের ওঠানামার প্রভাবেই দেশের স্বর্ণ ও রুপার বাজারে ঘন ঘন মূল্য সমন্বয় করা হচ্ছে।
==================
আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজ সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে তাকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা যায়।
সোমবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরিহিত পলককে ট্রাইব্যুনাল এলাকার ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যও ছিলেন। আশপাশে উপস্থিত কয়েকজনকে ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মধ্যেও এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। তবে ভিডিওতে দেখা ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম






















