কবি মোহন রায়হানকে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী সোমবার তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। তবে এই পুরস্কার গ্রহণ করবেন কী না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি মোহন রায়হান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।”
যে সব অভিযোগ পর্যালোচনা করার জন্য শুক্রবার মন্ত্রণালয়ে এক জরুরি সভা বসে। সেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।
অভিযোগ পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়য়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্কৃতি মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আগামী সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমিতে কবি মোহন রায়হানের হাতে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' তুলে দেওয়া হবে।
মোহন রায়হান গণমাধ্যমকে বলেছেন, তাকে এ বিষয়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষ ফোন করেছিল।
তিনি বলেন, “পুরস্কার নেওয়ার ব্যাপারে আমি বিকেলে সিদ্ধান্ত নেব। এখন কিছু বলব না।"
কদিন আগে বাংলা একাডেমি যখন এবারের সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে, সেখানে মোহন রায়হানকে কবিতায় এ পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী তিনি বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজিরও হয়েছিলেন।
কিন্তু পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে তিনি পুরস্কার না নিয়েই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।
বইমেলার উদ্বোধন অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর মোহন রায়হান একাডেমি প্রাঙ্গণে দাঁড়িয়ে গণমাধ্যমকে বলেছিলেন, "গতকাল সন্ধ্যায়ও পুরস্কার নেওয়ার জন্য মহড়া করেছি। তখনো আমাকে কিছু বলা হয়নি। কিন্তু আজকে অনুষ্ঠানে এসে আমি জানতে পেরেছি, আমাকে পুরস্কার দেওয়া হবে না। এখন পুরস্কারটি বাতিল করা হয়েছে কিনা, তাও আমি জানি না। বাতিল করলে তো সরকারি প্রজ্ঞাপন থাকার কথা। সেটি আমি পাইনি।”
তিনি বলেছিলেন, “বাংলা একাডেমির কর্মকর্তারা আমাকে বলেছেন, পুরস্কারটি না দেওয়ার সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এসেছে। এজন্য আমি চলে যাচ্ছি।"
কী কারণে পুরস্কার দেওয়া হয়নি–প্রশ্ন করলে মোহন রায়হান বলেন, “'তাহেরের স্বপ্ন' নামে ৪০ বছর আগে লেখা একটি কবিতার জন্য আমাকে পুরস্কারটি দেওয়া হয়নি। এটি আমি শুনেছি।"
বাংলা একাডেমির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছিলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে’ সিদ্ধান্ত আসায় মঞ্চে মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেন, "মোহন রায়হানের ব্যাপারে কিছু অভিযোগ উথাপিত হওয়ায় সাময়িকভাবে পুরস্কারটি স্থগিত করা হয়েছে। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















