পুরুষদের কাছে যেটি স্বপ্ন, সেটি পূরণ করে দেখিয়েছে বাংলার মেয়েরা। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ খেলছে বাংলাদেশের নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলার মেয়েরা। ম্যাচের ফলাফলে হারলেও মাঠের খেলায় অন্য বার্তা দিয়েছে বাংলাদেশ দল।
মঙ্গলবার (৩ মার্চ) অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ৯ বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হয় বাংলাদেশ।
ম্যাচ শুরুর আগে দারুণ এক চমক দেন হেড কোচ পিটার বাটলার। নিয়মিত গোলরক্ষক রুপ্না চাকমাকে বসিয়ে মূল একাদশে সুযোগ করে দেন মিলি আক্তারকে। শুরুর একাদশে সুযোগ হয়নি তহুরা খাতুনেরও। এরপরও প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে বাটলার শিষ্যরা। ১৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ঋতুপর্ণার দারুণ এক শট ছড়ায় মুগ্ধতা। এর ঠিক ৮ মিনিট পর বাংলাদেশের জালে চীন বল পাঠালেও ভিএআরে তা বাতিল করেন রেফারি।
প্রথমার্ধের শেষদিকে ওলট-পালট হয়ে যায় লাল-সবুজদের রণকৌশল। ৪৪ মিনিটে দূরপাল্লার শটে ডেডলক ভাঙেন ওয়াং শুয়াং। খানিক বাদেই ডিফেন্ডারদের ভুলে ২-০ গোলের লিড নেয় চীন।
দ্বিতীয়ার্ধেও সমানতালে আক্রমণ শাণাতে থাকে এশিয়ার পরাশক্তিরা। তবে গোলরক্ষক মিলি'র দৃঢ়তায় প্রতিহত সকল পরিকল্পনা। মাঝমাঠে বল নিয়ন্ত্রণে মনিকাও দেখান ঝলক। খেলার শেষদিকে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় আনিকা সিদ্দিকীর। নাকে চোট পাওয়ায় হালিমার পরিবর্তে ম্যাচের ৮৬ মিনিটে এই সুইডেন প্রবাসী ফুটবলারকে মাঠে নামান কোচ বাটলার।
৯০ মিনিটের লড়াইয়ে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে আর গোলের সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা। ফিফা র্যাংকিংয়ে ১৭ নম্বরে থাকা চীনের সাথে ১১২ নম্বরে থাকা আফঈদা-ঋতুপর্ণারা লড়াই করেছে সমান তালে। তাই তো ২-০ গোলে হারের চেয়ে পুরো দলের লড়াকু মানসিকতা বার্তা দিচ্ছে সামনে এগিয়ে যাওয়ার।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম
























