শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

উত্তর কোরিয়ার কাছে ৫ গোলে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল

উত্তর কোরিয়ার কাছে ৫ গোলে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল

চীনের বিপক্ষে আগের ম্যাচে হারলেও লড়াকু পারফরম্যান্স দিয়ে যে প্রত্যাশা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা, উত্তর কোরিয়ার বিপক্ষে আজ তা পুরোপুরি ম্লান হয়ে গেছে। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে উত্তর কোরিয়ার বিধ্বংসী আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা, হার মানতে হয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে। 


উত্তর কোরিয়ার হয়ে একাই জোড়া গোল করে জয়ের নায়ক বনে যান কিম কিয়ং-ইয়ং। এ ছাড়া জয়ী দলের হয়ে মিয়ং ইউ-ঝং, চায়ে উন-ইয়ং এবং কিম হায়ে-ইয়ং একটি করে গোল করে বাংলাদেশের বড় পরাজয় নিশ্চিত করেন। এই হারের ফলে টুর্নামেন্টে বাংলাদেশের টিকে থাকার সমীকরণ আরও কঠিন হয়ে পড়ল।


পুরো ম্যাচ জুড়ে উত্তর কোরিয়া একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেললেও গোলরক্ষক মিলি আক্তারের বীরত্বে ব্যবধান আরও বড় হওয়া থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। পোস্টের নিচে দাঁড়িয়ে মিলি অন্তত পাঁচটি নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন, না হলে হারের লজ্জা আরও কয়েক গুণ বাড়তে পারত। 


পরিসংখ্যান বলছে, পুরো ম্যাচে উত্তর কোরিয়া ৩১টি শট নিয়েছে যার মধ্যে ১১টিই ছিল লক্ষ্যে। রক্ষণভাগে মিলি এবং অন্য ডিফেন্ডাররা বারবার ঢাল হয়ে দাঁড়ালেও উত্তর কোরিয়ার পরিকল্পিত আক্রমণের তোড়ে শেষ পর্যন্ত ৫টি গোল হজম করতে হয়। বিশেষ করে রক্ষণে মিলির অতিমানবীয় কিছু সেভ ছিল আজকের ম্যাচের একমাত্র প্রাপ্তি।


ম্যাচের কৌশলগত দিক বিশ্লেষণে দেখা যায়, মাঝমাঠ ও আক্রমণভাগে বাংলাদেশের ফুটবলাররা আজ ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। ঋতুপর্ণা ও মারিয়ারা বলের নিয়ন্ত্রণ নিতে বারবার ব্যর্থ হয়েছেন এবং পুরো ৯০ মিনিটে উল্লেখযোগ্য কোনো আক্রমণই গড়ে তুলতে পারেননি। 


বল দখলের লড়াইয়ে উত্তর কোরিয়া ছিল যোজন যোজন এগিয়ে; তাদের দখলে ছিল ৬৫.৩ শতাংশ বল, বিপরীতে বাংলাদেশের দখলে ছিল মাত্র ৩৪.৭ শতাংশ। আক্রমণভাগে কোনো চাপ তৈরি করতে না পারায় রক্ষণের ওপর ক্রমাগত চাপের সৃষ্টি হয়, যার চূড়ান্ত পরিণতি হিসেবে একের পর এক গোল হজম করতে হয়েছে।


টানা দুই পরাজয়ে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ দল এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। আগামী ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। 


চীনের কাছে ২-০ গোলে এবং আজ উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের হারের পর উজবেকিস্তান ম্যাচে মান বাঁচানোর লড়াইয়ে নামতে হবে ঋতুপর্ণাদের। ফুটবল প্রেমীরা আশা করছেন, শেষ ম্যাচে নিজেদের ভুলত্রুটি শুধরে অন্তত একটি জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে লাল-সবুজের দল।


সম্পাদক : আবদুল মাতিন