আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। শিরোপা জয়ের পাশাপাশি বড় অঙ্কের পুরস্কার অর্থও ঘরে তুলেছে চ্যাম্পিয়ন দলটি।
আইসিসি ঘোষিত তথ্য অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ অংশ নেওয়া দলগুলোর জন্য মোট পুরস্কার অর্থ রাখা হয়েছে ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৩৪ কোটি টাকা)। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই অন্তত ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার (প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা) নিশ্চিতভাবে পেয়েছে।
চ্যাম্পিয়ন হওয়ায় ভারত পেয়েছে ২.৩৪ মিলিয়ন ডলার (প্রায় ২৭ কোটি ৮৫ লাখ টাকা)। অন্যদিকে রানার্সআপ নিউজিল্যান্ডের প্রাপ্তি ১.১৭ মিলিয়ন ডলার (প্রায় ১৩ কোটি ৯৩ লাখ টাকা)।
এ ছাড়া সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পেয়েছে ৬৭৫ হাজার ডলার করে (প্রায় ৮ কোটি ৩ লাখ টাকা)। টুর্নামেন্টে পঞ্চম থেকে অষ্টম স্থানে থাকা দলগুলো পেয়েছে ২৭০ হাজার ডলার করে (প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা), নবম থেকে দ্বাদশ স্থানে থাকা দলগুলো পেয়েছে ১৩৫ হাজার ডলার করে (প্রায় ১ কোটি ৬১ লাখ টাকা)।
আর ১৩তম থেকে ২০তম স্থানে থাকা দলগুলো পেয়েছে ১ লাখ ১২ হাজার ডলার করে (প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা)।
এদিকে টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো অতিরিক্ত ৩১ হাজার ১৫৪ ডলার (প্রায় ৩৭ লাখ টাকা) করে পুরস্কার পেয়েছে।
সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট পুরস্কার অর্থ ধরা হয়েছে ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার, যা টুর্নামেন্টটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম
























