বুধবার, ২৫ মার্চ, ২০২৬

ঈদে ১০ লাখ টাকার বরাদ্দের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ঈদে ১০ লাখ টাকার বরাদ্দের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দুস্থদের জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকার ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।


মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টা ১০ মিনিটে ‘জবাবদিহিতা’ নামের একটি ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ হিসাব প্রকাশ করা হয়। পরবর্তীতে তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক আইডি থেকেও পোস্টটি শেয়ার করেন।


ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ জানান, ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দেবিদ্বার উপজেলার দুস্থ ও গরিব মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে।


তিনি বলেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার জনকে নগদ ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ৫০০ জনকে ঈদসামগ্রী সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে।


পোস্টে আরও উল্লেখ করা হয়, উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলেও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার স্বার্থে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে। প্রশাসনিক প্রয়োজনে এসব তথ্য যাচাইযোগ্য থাকবে বলেও জানান তিনি।


হাসনাত আবদুল্লাহ দাবি করেন, সহায়তা বিতরণে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


তবে তিনি স্বীকার করেন, সীমিত বরাদ্দের কারণে সব সুবিধাবঞ্চিত মানুষকে এই সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি।


সম্পাদক : আবদুল মাতিন