বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে সেখানে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার পর উপজেলার বাগোয়ান গ্রামে এমপির পৈতৃক বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।


কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে।



দেলোয়ার হোসেন আরও জানান, এমপি নুসরাত তাবাসসুমের মা-বাবা ঘটনাস্থল থেকে ২০-৩০ হাত দূরে একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। সেখানে আগুন ছড়ায়নি এবং পরিবারের কেউ দগ্ধ হননি। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও পুলিশের তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।


অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ‘আওয়ামী সন্ত্রাসীদের পেট্রোল বোমা হামলা’ বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও এনসিপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।


এমপি নুসরাত তাবাসসুমের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান কল রিসিভ করে ঘটনার বিস্তারিত জানান। তিনি অভিযোগ করেন, রাত ১২টার পর মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাগুলো টিনের চাল, গবাদিপশুর শেড ও বাড়ির উঠানে পড়ে।


ওয়াহিদুজ্জামানের দাবি, ঘটনার সময় বাড়িতে এমপির বাবা-মা, চাচাতো ভাই-বোন ও ভাবিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। হামলায় তাঁরা কমবেশি আঘাত পেয়েছেন এবং শেডে আগুন ধরে গবাদিপশু মারা গেছে।


খবর পেয়ে রাতেই ঢাকা থেকে গাড়িতে করে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন এমপি নুসরাত তাবাসসুম। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনার তদন্ত করছে।

সম্পাদক : আবদুল মাতিন