শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকান লুট

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকান লুট

মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের ছয়টি স্বর্ণের দোকানসহ মোট সাতটি দোকান লুট করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


শনিবার (১৮ এপ্রিল) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গৌতম মালোর শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স থেকে প্রায় ৫৫ ভরি রুপা লুট করেছে ডাকাতরা। বিদ্যুৎ মন্ডলের নিউ নারান জুয়েলার্স থেকে আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায় তারা। সেন্টু মালোর ভাগ্যশ্রী জুয়েলার্স থেকে ৩০ ভরি স্বর্ণ, প্রায় ৫০০ ভরি রুপা এবং ১ লাখ নগদ টাকা লুট হয়েছে। 


এছাড়াও, পরিমল মালোর নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স থেকে আড়াই ভরি স্বর্ণ, প্রায় এক কেজি রুপা ও ৯৫ হাজার নগদ টাকা, স্বদেব মন্ডলের নিউ কনিকা জুয়েলার্স থেকে এক ভরি স্বর্ণ, ৭০ ভরি রুপা ও ৪০ হাজার টাকা এবং ভরত মালোর মা লক্ষ্মী গহনালয় থেকেও প্রায় ৭ ভরি রুপা নিয়ে গেছে ডাকাতরা।


পাশের জিয়া হাওলাদারের জিয়া স্টোর নামের একটি মুদি দোকান থেকেও প্রায় ৫ লাখ টাকার পণ্য ও ৫০ হাজার টাকা নগদ লুট হয়েছে বলেও জানান ব্যবসায়ীরা।


নিউ কণিকা জুয়েলার্স-এর মালিক স্বহদেব মন্ডল বলেন, “রাতে আমরা দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে শুনি আমাদের দোকানে ডাকাতি হয়েছে। আমার দোকানে যা যা মালপত্র ও নগদ টাকা ছিল সব নিয়ে গেছে ডাকাতরা।” 


নিউ প্রিয়াংকা জুয়েলার্স-এর মালিক পরিমল মালো বলেন, “শুধু আমার দোকান নয়, আরো ছয়টি স্বর্ণের দোকান ও একটি মুদির দোকানে ডাকাতি হয়েছে। পুলিশের টহল অব্যাহত থাকলে এমনটি হতো না। বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় রয়েছে।”


বাজারের ব্যবসায়ী এহসান আজগর বলেন, “আমাদের বাজারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ঘটনার পর আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা চাই, দ্রুত ডাকাতদের চিহ্নিত করে আটক করা হোক।”

সম্পাদক : আবদুল মাতিন