ভারতীয় ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৩৬ বছর বয়সে মারা গেছেন ভারতের সাবেক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার ও পাঞ্জাবের মিডিয়াম পেসার আমানপ্রীত সিং গিল। বুধবার (৬ মে) চণ্ডীগড়ে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
২০০৭ সালে ভারত অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন আমানপ্রীত সিং গিল। সেই দলে তিনি ছিলেন বর্তমান ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সতীর্থ। ওই সময়ে তিনি পাঁচটি যুব ওয়ানডে এবং একটি যুব টেস্ট ম্যাচ খেলেন।
ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৬টি ম্যাচে ১১টি উইকেট শিকার করেন। ২০০৮ সালের আইপিএলের উদ্বোধনী আসরে তিনি কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস) স্কোয়াডেও ছিলেন, যদিও মাঠে নিয়মিত সুযোগ পাননি।
পরবর্তীতে তিনি ক্রিকেট থেকে অবসর নিয়ে পাঞ্জাবের সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক শোকবার্তায় সংস্থাটি জানায়, তিনি ছিলেন পাঞ্জাব ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ অংশ এবং তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে।
ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে লেখেন, ক্যারিয়ারের শুরুতে তিনি আমানপ্রীতের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছেন। তিনি তাকে শান্ত ও পরিশ্রমী ক্রিকেটার হিসেবে স্মরণ করেন।
যুব ক্রিকেটে আমানপ্রীত শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসেরা পেরেরার উইকেটও শিকার করেছিলেন।
যদিও তিনি ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে জায়গা পাননি, তবুও ঘরোয়া ক্রিকেট ও প্রশাসনিক ভূমিকায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যু ভারতীয় ঘরোয়া ক্রিকেটে একটি গভীর শূন্যতা তৈরি করেছে।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম























