সোমবার, ১৮ মে, ২০২৬

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

শ্রমিক সংগঠনের ফেডারেশন প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে।


সোমবার (১৮ মে) সকাল থেকে হঠাৎ করেই দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।


জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম পাখি এবং সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল ইসলাম মুমিনকে মনোনীত করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।


বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, শ্রমিকদের মতামত ছাড়াই কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। তারা বর্তমান কমিটি বিলুপ্ত করে আপাতত একটি আহ্বায়ক বা এডহক কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনেরও দাবি তোলেন।


শ্রমিকদের দাবি, প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল সংস্থা থেকে আহ্বায়ক কিংবা এডহক কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলে তারা পুনরায় বাস চলাচল শুরু করবেন।


এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী বাস কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও দুর্ভোগ দেখা যায়। অনেকে জরুরি প্রয়োজনে ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে না পেরে বিপাকে পড়েছেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসস্ট্যান্ড এলাকায় নজরদারি অব্যাহত রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে বলেও জানা গেছে।

সম্পাদক : আবদুল মাতিন