আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির কারণে আজ শনিবারও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রয়েছে। ছুটি সমন্বয়ের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় শনি ও রোববার স্বাভাবিক সময়সূচিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শনিবার (২৩ মে) এবং রোববার (২৪ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা নিয়মিত লেনদেন করতে পারবেন। এছাড়া আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
এ বিষয়ে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) একটি সার্কুলার জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলার অনুযায়ী, আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পসংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা থাকবে। এসব শাখায় অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, আর গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এছাড়া দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথে সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটির মধ্যেও (ঈদের দিন ছাড়া) সীমিত পরিসরে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ছুটিকালীন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতাও পাবেন বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম























