গুজরাট টাইটান্সকে ৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শুরুতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়ে আরসিবি। জবাবে গুজরাট শেষ পর্যন্ত ১৬২ রানে অলআউট হয়।
ইনজুরির কারণে ইনফর্ম ফিল সল্টকে না পেয়ে কিছুটা ব্যাকফুটে ছিল আরসিবি। তবে ভেঙ্কটেশ আইয়ার (৭ বলে ১৯) ও বিরাট কোহলির (২৫ বলে ৪৩) ব্যাটে শুরু থেকেই মারকুটে ছিল তারা। মাঝপথে জেসন হোল্ডার ও রশিদ খান রান আটকে উইকেট তুলে গুজরাটকে ম্যাচে ফিরিয়েছিলেন।
তবে এরপরই শুরু হয় রজত পাতিধর শো। মাত্র ৩৩ বলে খেলেন ৯৩ রানের এক অতিমানবীয় ও অপরাজিত ইনিংস খেলেন তিনি। যার মধ্যে ছিল ৯টি ছক্কা ও ৪টি চার। শেষ ৬ ওভারে পাতিধরের তোপেই ১১৪ রান তোলে আরসিবি। ৪৩ রান আসে ক্রুনাল পান্ডিয়ার ব্যাট থেকে।
২৫৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই কিউই পেসার জ্যাকব ডাফির বলে অদ্ভুতভাবে হিট-উইকেট হন সাই সুদর্শন। এরপর শুভমান গিলকে (৪) বোল্ড করে নিজের দাপট বজায় রাখেন ভুবনেশ্বর কুমার।
বিধ্বংসী হয়ে ওঠার আভাস দেওয়া জস বাটলারকে (১১ বলে ২৯) জশ হ্যাজলউড ফিরিয়ে দিলে গুজরাটের আশা শেষ হয়ে যায়। এরপর রসিক সালাম জোড়া উইকেট নিলে পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে ধসে পড়ে টাইটান্সরা।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম






















