টানা ভারী বৃষ্টিতে রাজধানীর গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। দীর্ঘ সময় জলাবদ্ধতা এবং পানির তীব্র চাপে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় সোমবার (১৩ জুলাই) এ ধসের সৃষ্টি হয়েছে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধসে যাওয়া অংশ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ অংশ এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। ফলে সড়কটিতে যানজটেরও সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘রোববার (১২ জুলাই) রাতভর বৃষ্টির পর সকালেই দেখি রাস্তার একাংশ দেবে গেছে। দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
আরেক পথচারী সুমাইয়া আক্তার বলেন, ‘প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করি। এখন অনেকটা ঘুরে যেতে হচ্ছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
রিকশাচালক আব্দুল মালেক বলেন, ‘পানি আর ভাঙা রাস্তার কারণে যাত্রী নিয়ে চলাচল খুব কষ্ট হচ্ছে। যানজটও অনেক বেড়ে গেছে।’
ট্রাফিক পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় এ রুটে যানবাহনগুলোকে সতর্কভাবে চলাচলের জন্য আমরা নির্দেশনা দিচ্ছি। রাস্তার সমস্যার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া এ সড়ক এড়িয়ে চলা ভালো।’
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম





















