বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ঢাকার তিন স্পটে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকার তিন স্পটে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

পূর্ব ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকার উত্তরা, সায়েন্সল্যাব মোড় ও মিরপুর-১০ এ সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। 


বুধবার (১৫ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। পুলিশ সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও পরীক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন। এতে যানজটের সৃষ্টি হয়েছে সড়কে।  


উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ বলেন, পরীক্ষার পর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। আমরা তাদের সড়ক ছাড়ার অনরোধ জানাচ্ছি। আমরা সতর্ক রয়েছি।


এর আগে, গত সোমবার (১৩ জুলাই) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের পাঁচ জেলা বাদে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। এতে অনেক কেন্দ্রে কোমরপানি পেরিয়ে যেতে দেখা যায় পরীক্ষার্থীদের।


পাশাপাশি শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথপোকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করেছেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রে প্রশ্নপত্র ভুল থাকা নিয়েও বিতর্ক ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা।


এরপর আট দফা দাবি নিয়ে মাঠে নামেন তারা। পরে সেটা তিন দফা দাবিতে পরিণত হয়। তাতে বলা হয়, উপযোগী পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে; পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর দিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।


মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে দুঃখপ্রকাশ করেন মন্ত্রী। একইসঙ্গে সোমবারের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণাও দেন। তারপরও শিক্ষার্থীরা শান্ত হননি। তারা এখনও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড়। 


সম্পাদক : আবদুল মাতিন