শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

দেশে প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।



অনুমোদন পাওয়া চারটি ডিজিটাল ব্যাংক হলো— বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।



বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য এর আগে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এসব আবেদনের মধ্য থেকে প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


আবেদন করা ১২টি প্রতিষ্ঠান হলো— ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।



ডিজিটাল ব্যাংকের মাধ্যমে শাখাভিত্তিক প্রচলিত ব্যাংকিংয়ের বাইরে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় গ্রাহকের হিসাব খোলা, লেনদেনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা ডিজিটাল মাধ্যমে দেওয়ার সুযোগ থাকবে।



এর আগে, আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর প্রতিষ্ঠান দুটির ডিজিটাল ব্যাংক লাইসেন্স স্থগিত করে বাংলাদেশ ব্যাংক।



নতুন করে চারটি প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম চালুর প্রক্রিয়া আবারও শুরু হলো।

সম্পাদক : আবদুল মাতিন