শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


এর আগে ভাইরাল হওয়া অডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবুল হাসানকে ডেকেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছিল। কমিটিতে ডিবির একজন কর্মকর্তা এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা ছিলেন।


সাবেক ওসি রাকিবুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’


এর আগে ১৭ সেপ্টেম্বর রাতে ডিবিতে তাকে ডাকার বিষয়টিও নিশ্চিত করেছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানিয়েছিলেন, ভাইরাল হওয়া অডিওর বিষয়ে রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করবে ডিএমপির গঠিত কমিটি।


উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের নামে একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে এক ব্যক্তিকে পুলিশ, সরকার ও বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য দিতে শোনা যায়। সেখানে বলা হয়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’


অডিওতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিএনপির দিকে ঝুঁকে পড়ার দাবি এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অবস্থান নিয়েও বক্তব্য শোনা যায়। এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায় সাবেক ওসি রাকিবুলকে।


তবে অডিওটি নিজের নয় বলে দাবি করেছিলেন রাকিবুল হাসান। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।


অডিওটি ছড়িয়ে পড়ার পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসির পদ থেকে প্রত্যাহার করা হয়। পরে বিষয়টি তদন্তে ডিএমপির পক্ষ থেকে কমিটি গঠন করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।


বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, তা প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।


পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সময়ে খুলনা রেঞ্জের বিভিন্ন জেলায় কাজ করেছেন রাকিবুল। ৫ আগস্টের পর তিনি ডিএমপিতে বদলি হন। প্রথমে ভাটারা থানায় দায়িত্ব পালন করেন। নির্বাচনের আগে লটারিতে তাকে গুলশান থানায় বদলি করা হয়। পরবর্তীতে গুলশান থানা থেকে চলতি বছরের ৩০ মার্চ তাকে ক্যান্টনমেন্ট থানায় বদলি করা হয়।

সম্পাদক : আবদুল মাতিন