রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর গ্রিন রোড ও সায়েন্স ল্যাব এলাকায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়।


মুহূর্তের মধ্যেই এই উত্তেজনা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রোববার দুপুরে কোনো একটি তুচ্ছ বিষয় নিয়ে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পরই তা চরম আকার ধারণ করে। উভয় কলেজের শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে আসে এবং একে অপরের দিকে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।


শিক্ষার্থীদের এই ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের কারণে আইডিয়াল কলেজের সামনের সড়ক থেকে শুরু করে পুরো এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়।


আকস্মিক এই সংঘর্ষের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকার যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। সায়েন্স ল্যাব ও গ্রিন রোড কেন্দ্রিক সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ ও যাত্রীরা এদিক-সেদিক ছুটতে থাকেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তার স্বার্থে আশপাশের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন ব্যবসায়ীরা।


সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একাধিক দল। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ বেগ পেতে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ওই এলাকায় চরম থমথমে অবস্থা বিরাজ করছে।


ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় বা আহতের মাত্রা জানা যায়নি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি সমাধানে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।


রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।



রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খুদে বার্তার মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।



এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনায় প্রথম দফায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তখন শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।



গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন।


মামলায় হানিফ মিয়া নামে একজনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।



ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রটির ভেতরে প্রবেশ করেন। পরে তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়ে যান।



কর্তৃপক্ষের ভাষ্য, লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ভবন ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।



হামলার পর ক্লিনিকের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার অভিযোগ করেছে কর্তৃপক্ষ।



তাদের আরও অভিযোগ, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।



এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধন ছিল বলেও অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ঘটনার পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন