বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন ঘিরে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছে তাঁর নতুন সিনেমা ‘কিং’। বহুল প্রতীক্ষিত সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ করা হয়েছে এই বিশেষ দিন উপলক্ষে। রোমান্টিক গানটিতে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। গান প্রকাশের পর থেকেই দুই তারকার রসায়ন, শাহরুখের নতুন লুক এবং সংগীতশিল্পীদের পরিবেশনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
‘তু মিল যায়ে’ গানটির সুর করেছেন সংগীত পরিচালক জুটি শচীন–জিগার। এতে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান ও ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। দুই সংগীতশিল্পীর যৌথ পরিবেশনা শ্রোতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
গানটিতে শাহরুখ ও দীপিকার উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। তাঁদের পর্দার রসায়ন দেখে অনেকের মনে পড়েছে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ সিনেমার কথা। সেই ছবির মাধ্যমে বড় পর্দায় জুটি হিসেবে দর্শকের সামনে এসেছিলেন তাঁরা। নতুন গানেও দুই তারকার রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে। একই সঙ্গে শাহরুখের শারীরিক গঠন ও নতুন অবতার নিয়েও চলছে আলোচনা।
গানের শুরুতেই শাহরুখের একটি সংলাপ রয়েছে- ‘ম্যায় কাতিল নহি, আশিক হুঁ’। বাংলায় যার অর্থ, ‘আমি খুনি নই, প্রেমিক’। সংলাপটি গানটির রোমান্টিক আবহে ভিন্ন মাত্রা যোগ করেছে। এড শিরান ও অরিজিৎ সিংয়ের কণ্ঠের সমন্বয়ও শ্রোতাদের প্রশংসা পাচ্ছে।
জন্মদিনে শাহরুখের জন্য গুগলের আয়োজন
শাহরুখের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। মুম্বাইয়ের বান্দ্রা–ওরলি সি লিংকে ‘কিং’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে তৈরি করা হয় বিশেষ একটি স্থাপনা। গভীর রাতে গাড়ি নিয়ে বের হয়ে আয়োজনটি দেখতে যান শাহরুখ নিজেই।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আয়োজনটির ছবি প্রকাশ করে গুগল জেমিনিকে ধন্যবাদ জানান অভিনেতা। মজার ছলে তিনি লেখেন, ‘দোস্ত হো তো গুগল জেমিনি জ্যায়সা’- অর্থাৎ বন্ধু হলে গুগল জেমিনির মতো হওয়া উচিত। শাহরুখের এই রসিকতাপূর্ণ মন্তব্যও ভক্তদের নজর কেড়েছে।
বড় তারকাদের নিয়ে ‘কিং’
‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশনধর্মী সিনেমার পর শাহরুখের নতুন প্রকল্প ‘কিং’ নিয়ে আগে থেকেই দর্শকদের আগ্রহ রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রানী মুখার্জি ও সুহানা খানসহ আরও অনেকে।
সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম গান প্রকাশের মধ্য দিয়ে ছবিটির প্রচারণায় নতুন গতি এসেছে। এখন দেখার বিষয়, বড় পর্দায় শাহরুখের নতুন অবতার দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম






















