ডিজিটাল নিরাপত্তা এখন আর কেবল প্রযুক্তি বিশেষজ্ঞদের বিষয় নয়, অধিকার রক্ষার সঙ্গেও এটি গভীরভাবে জড়িত, এই বার্তা সামনে রেখে আজ ঢাকায় অনুষ্ঠিত হলো “নারী অধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
অ্যাসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশনস (এপিসি) এর সহায়তায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ভয়েস এই কর্মশালার আয়োজন করে।
এই প্রশিক্ষণে অংশ নেন নারী সাংবাদিক, আদিবাসী অধিকারকর্মী ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের নারী প্রতিনিধিরা।
কর্মশালায় অংশগ্রহণকারীগণ ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন গোপনীয়তা বজায় রাখা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংঘটিত অনলাইন সহিংসতা মোকাবিলা, ডিজিটাল ঝুঁকি চিহ্নিত করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাইভেসি সুরক্ষিত রাখার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।
ভয়েস এর পক্ষ থেকে কর্মশালায় ডিজিটাল সুরক্ষার কৌশলপত্র উপস্থাপন করেন ভয়েসের উপ-পরিচালক মুশাররাত মাহেরা। তারা বলেন, “নারী অধিকারকর্মী এবং সাংবাদিকরা কাজের প্রয়োজনে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন। ফলে তাঁদের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। তাই তাঁদের জন্য ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে দক্ষতা অর্জন করা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি।”
ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, “ডিজিটাল জগতে নারী অধিকারকর্মীদের নিরাপদ রাখতে অনলাইনে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, সচেতনভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংঘটিত নতুন ধরনের অনলাইন সহিংসতা ও হয়রানি চিহ্নিত ও মোকাবিলা করার জ্ঞান ও দক্ষতা থাকা জরুরি।”
ডিজিটাল সুরক্ষা বিশেষজ্ঞ সাদমান আহমেদ বলেন, “নারী অধিকারকর্মীরা ডিজিটালি কী ধরনের ঝুঁকির মুখে পড়েন, সে সম্পর্কে সচেতন থাকা এবং নিরাপত্তা পরিকল্পনা থাকা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পরিচয়, ব্যক্তিগত তথ্য ও অধিকারভিত্তিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা অনলাইন হুমকি ও হয়রানির ভয় ছাড়াই স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ এবং মানবাধিকার রক্ষার কাজ চালিয়ে যেতে পারেন।”
ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “ডিজিটাল অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশেষ করে নারী মানবাধিকারকর্মীরা তাঁদের মতামত তুলে ধরা এবং ন্যায়বিচারের পক্ষে কথা বলার জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করেন। তাই তাঁদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করা এবং ডিজিটাল বিষয়ে সচেতনতা ও দক্ষতা বাড়ানো জরুরি। এর ফলে তাঁরা ভয়ভীতি ছাড়াই অনলাইনে নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন।”
প্রশিক্ষকরা অঙ্গীকার করেন যে, নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা যেকোনো ধরনের ডিজিটাল হয়রানির শিকার হলে তা মোকাবিলায় তাঁরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।
কর্মশালায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, শক্তিশালী পাসওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন, ভিপিএন, টর ব্রাউজারে নিরাপদ ব্রাউজিং, এনক্রিপ্টেড বার্তা এবং ডেটা ব্যাকআপের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
এছাড়া, অংশগ্রহণকারীরা ভাইরাসযুক্ত লিংক চেনার উপায়, মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় গোপনীয়তা রক্ষা, মাঠপর্যায়ে পেশাগত দায়িত্ব পালনের সময়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পাবলিক ওয়াইফাই এড়ানো ও জিও-লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখা ইত্যাদি বিষয়ে অনুশীলন করেন।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম






















