শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শরীরের যত্নে কালোজিরার তেল

শরীরের যত্নে কালোজিরার তেল

কালোজিরার গুণের কথা কমবেশি সবারই জানা। শুধু রান্নায় স্বাদ বৃদ্ধিতে নয়, শরীরের ব্যথাবেদনা কমাতেও এর জুড়ি নেই। কালিজিরার মতো এর তেলও সমান উপকারী। রান্নায় এর ব্যবহার বেশ প্রচলিত হলেও, স্বাস্থ্যগত দিক থেকেও এর রয়েছে অসংখ্য উপকারিতা। যেমন-


অ্যালার্জিক রাইনাইটিস


২০১১ খ্রিষ্টাব্দে 'আমেরিকান জার্নাল অফ অটোলারিঙ্গোলজি' -তে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যায় কালিজিরার তেল বেশ কার্যকর। গবেষণায় দেখা গেছে, এটি নাক বন্ধ হয়ে থাকা, চুলকানি এবং নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যাগুলো কমাতে সাহায্য করে।


স্থূলতা


অতিরিক্ত ওজন বা স্থূলতা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যারা স্থূলতায় ভুগছেন, তারা যদি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি কালাজিরার তেল গ্রহণ করেন, তবে তাদের ওজন নিয়ন্ত্রণে আসতে পারে, ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমতে পারে এবং কোমরের পরিধিও হ্রাস পেতে পারে।


রিউমাটয়েড আর্থ্রাইটিস


কালিজিরার তেল রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাতের ব্যথার চিকিৎসাতেও কার্যকর। যারা মৃদু থেকে মাঝারি ধরনের বাতের ব্যথায় ভুগছেন, তারা যদি এক মাস ধরে কালোজিরার তেল (ক্যাপসুল আকারে) সেবন করেন, তবে তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে।


অ্যান্টিঅক্সিডেন্ট


কালিজিরার তেলের আরেকটি বড় গুণ হলো এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো শরীরের বিষাক্ত উপাদানগুলোর বিরুদ্ধে লড়াই করে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দেয়। এছাড়া, অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য রোধেও সহায়তা করে, যা একটি বাড়তি সুবিধা।


অ্যাজমা বা হাঁপানি


প্রাথমিক পর্যায়ের কিছু গবেষণায় দেখা গেছে, যাদের অ্যাজমা বা হাঁপানির সমস্যা রয়েছে, তাদের জন্য কালিজিরার তেল খাওয়া উপকারী হতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, যারা কালিজিরার তেলের ক্যাপসুল গ্রহণ করেছেন, তাদের হাঁপানির বা অ্যাজমার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।


ডায়াবেটিস


কালিজিরার তেলের আরেকটি সুবিধা হলো, এটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্যও উপকারী হতে পারে। যারা কালিজিরার তেল গ্রহণ করেছেন, তাদের রক্তে শর্করার মাত্রা এবং কোলেস্টেরলের মাত্রায় উন্নতি দেখা গেছে। তবে ডায়াবেটিসের ক্ষেত্রে কালোজিরার তেলের কার্যকারিতা নিশ্চিত করতে আরও ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।


পেশির খিঁচুনি রোধে


মনে করা হয়, কালোজিরার তেল পেশির খিঁচুনি কমাতে সাহায্য করতে পারে, যা নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করেন এমন ব্যক্তিদের জন্য উপকারী হতে পারে।


সতর্কতা


অতিরিক্ত পরিমাণে কালোজিরার তেল গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। ত্বকে সরাসরি প্রয়োগ করলে এটি র‍্যাশ বা ফুসকুড়ি সৃষ্টি করতে পারে। এছাড়া, যারা কালিজিরার তেল খাচ্ছেন বা ত্বকে ব্যবহার করেছেন, তাদের ক্ষেত্রে ফোসকা পড়ার মতো নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। পাশাপাশি, উচ্চ মাত্রায় কালিজিরার তেল গ্রহণ করলে লিভার ও কিডনির ক্ষতির ঝুঁকিও থাকতে পারে।

সম্পাদক : আবদুল মাতিন