পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং কার্যকর সেফগার্ডিং ও রেফারেল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে দুই দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার দ্য ডেইলি স্টার সেন্টারের তৌফিক আজিজ খান সেমিনার হলে এই কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের নেতৃত্বে ঢাকা বিভাগে বাস্তবায়নাধীন ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা প্রায়ই নানা ধরনের হামলা, হুমকি, হয়রানি ও নিরাপত্তাঝুঁকির সম্মুখীন হন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের দ্রুত চিকিৎসা, আইনি এবং মানসিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুই দিনব্যাপী এই আয়োজনে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান নীতিমালা ও সহায়তা কার্যক্রম গভীরভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা, সেফগার্ডিং, অভিযোগ গ্রহণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য বিদ্যমান রেফারেল ব্যবস্থাকে আরও কার্যকর, দ্রুত ও গণমাধ্যমবান্ধব করার বিষয়ে অংশগ্রহণকারীদের কাছ থেকে সুনির্দিষ্ট মতামত ও সুপারিশমালা গ্রহণ করা হয়।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেমোক্রেসি (সিআরডি)-এর এক গবেষণার আলোকে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের চিকিৎসা, আইনি ও মানসিক সহায়তা পাওয়ার পথ সহজ করতেই এই আয়োজন করা হয়। কর্মশালায় টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকীয়, প্রশাসনিক ও সেফগার্ডিং বিভাগের মোট ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
অংশগ্রহণকারীরা বাস্তব ঘটনা পর্যালোচনা করে নিজ নিজ প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা চিহ্নিত করেন। কর্মশালায় বিপদগ্রস্ত সাংবাদিকের দ্রুত নিরাপত্তা, সম্মতি ও ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে ‘সেফগার্ডিং ফোকাল পারসন’ ও তাঁর বিকল্প ব্যক্তির দায়িত্ব স্পষ্ট করার সুপারিশ করা হয়।
আয়োজকরা জানান, কর্মশালার পরবর্তী ধাপ হিসেবে অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিষ্ঠান ও প্রকল্পের অংশীদারদের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। এর মাধ্যমে রেফারেল ব্যবস্থাটি পরীক্ষামূলকভাবে চালু এবং
প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব নীতিমালা পর্যালোচনা করে সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম






















